বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আব্দুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প–১–এর ব্লক–সি এলাকার বাসিন্দা মো. আনুর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, রেজু আমতলী বিওপির আওতাধীন সীমান্ত পিলার–৪০–এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৭০০ গজ ভেতরে শাহ আলমের বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আব্দুল খালেক। এ সময় হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক। তিনি বলেন, স্থলমাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।











