সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর না

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছ থেকে নাকচ হয়েছে। তবে এই সফরের অনুমতি পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী। রাজশাহী সিটি করপোরেশনের প্রসাশক হলেন মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সারসংক্ষেপে সরকার প্রধানের নির্দেশনা থেকে এই তথ্য জানা যায়। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন। প্রধানমন্ত্রীর নিদের্শনায় আরও বলা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিৎ হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে ভাসমান লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমাদকের টাকা জোগাড়ে মোবাইল চুরি, ছেলের শাস্তি চাইলেন মা