বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল রোববার সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম অনুশীলন সেশন শুরু করে সফরকারীরা। প্রথমে মিরপুরের মূল মাঠে অনুশীলন করে অজিরা। পরে ক্রিকেটারদের একটি অংশকে একাডেমি মাঠেও অনুশীলন করতে দেখা যায়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ছিল ব্যস্ততা। দীর্ঘ সময় ধরে নেট সেশনে ঘাম ঝরান ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কারণে এদিন দুই দলের অনুশীলনের সূচি রাখা হয় আলাদা সময়। সেই অনুযায়ী সকালেই মাঠে নামে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।










