সাতকানিয়ায় ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে রাতের আঁধারে ও দিনদুপুরে অবাধে চলছে পাহাড় এবং ফসলি জমির টপসয়েল কাটার মহোৎসব। এ অবস্থায় পরিবেশ রক্ষা, ফসলি জমি বাঁচানো এবং অবৈধ ইটভাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুঁসে উঠেছে উপজেলার ছনখোলা এলাকার সর্বস্তরের জনসাধারণ।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম ছনখোলা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত ভুক্তভোগী ও স্থানীয় জনতা ব্যানারফেস্টুন হাতে অংশ নেন।

ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধনে অংশ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষি জমি হারানো ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আমাদের চোখের সামনে পাহাড় ও ফসলি জমির মাটি কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। মাটি কাটার কারণে আমাদের ঐতিহ্যবাহী কৃষিকাজ আজ বিলীন হওয়ার পথে।

ক্ষেতখামারে কোনো ফসল হচ্ছে না। এভাবে চলতে থাকলে এই অঞ্চলে মানুষ না খেয়ে মরবে, পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদনদয়া করে আমাদের কৃষি জমি বাঁচান, আমাদের পাহাড় বাঁচান। মানববন্ধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মুস্তফিজ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মুক্তার আহমেদ, আক্কাস উদ্দীন এবং খালেদ হোসাইন খোকন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি অনতিবিলম্বে এসব অবৈধ ব্রিক ফিল্ড (ইটভাটা) বন্ধ না করে এবং পাহাড়মাটি কাটা চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেয়, তবে সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব ও শেষ সম্বল কৃষি জমি রক্ষায় আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ.)’র সালানা ওরস