জেট ফুয়েলের দাম কমল আরেক দফা

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ১ বা জেট ফুয়েলের দাম আবার কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারে দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ ডলার করা হয়েছে।

গতকাল রোববার জারি করা বিইআরসির আদেশে নতুন মূল্যহার নির্ধারণের কথা জানানো হয়। নতুন দর রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। খবর বিডিনিউজের।

বিইআরসি বলেছে, আন্তর্জাতিক বাজারে প্রকাশিত ‘প্ল্যাটস রেটের’ ভিত্তিতে মাসভিত্তিক জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হচ্ছে। সর্বশেষ সমন্বয়ের ক্ষেত্রে ২২ মে থেকে ৪ জুন পর্যন্ত সময়ে প্রকাশিত ‘প্ল্যাটস রেটের’ গড় মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টের ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তনের কারণে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন ব্যয়ের পরিবর্তনও হিসাব করা হয়েছে। বিইআরসি বলছে, এসব তথ্য বিশ্লেষণের জন্য গঠিত কারিগরি কমিটি ৭ জুন কমিশনে প্রতিবেদন জমা দেয়। ওই দিনই শুনানি শেষে নতুন মূল্য অনুমোদন করা হয়।

তিন দফায় কমল ৭৭ টাকা : এ নিয়ে গত এক মাসে টানা তিন দফা জেট ফুয়েলের দাম কমল। এর আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। তখন লিটারে দাম কমেছিল ৩৯ টাকা ৫৭ পয়সা। তারও আগে ৭ মে প্রতি লিটার দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। সেই হিসাবে তিন দফায় দাম কমেছে ৭৬ টাকা ৮৭ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রতি লিটারের দাম ১ দশমিক ৪৮ ডলার থেকে কমে ০ দশমিক ৯৮ ডলারে নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে’
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী