আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব কাঁপানো বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের মতো এর উত্তেজনার কমতি নেই আমাদের দেশেও। দেশের বিভিন্ন জেলার প্রতিটি অলিগলিতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে খেলা পাগল মানুষদের মধ্যে উত্তেজনা। হাজার মাইল দূরে চলা এ ফুটবল খেলাকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসের কোন কমতি থাকে না এদেশে। নিজের দেশ নেই তাতেও কমতি নেই আনন্দ উচ্ছ্বাস। বিশেষ করে এদেশের মানুষের কাছে আবেগের নাম, প্রিয় দলের নাম আর্জেন্টিনা ব্রাজিল। প্রতিবার বিশ্বকাপ ফুটবল শুরু হলে চায়ের দোকান থেকে শুরু করে আমাদের জাতীয় সংসদেও চলে উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল এ দুই দলের কট্টর সমর্থকদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খেলা নিয়ে আবেগ থাকবে, উত্তেজনা থাকবে এটা স্বাভাবিক বিষয়। খেলাধুলা শিশু–কিশোর, যুবকদের অন্তত মাদকমুক্তসহ সকল খারাপ কাজ থেকে বিরত রাখতে বড় ভূমিকা পালন করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়। হাজার মাইল দূরে চলা এ ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে ঘটে নানান অঘটন। কেউ মারা যায় প্রিয় দলের পতাকা লাগাতে গিয়ে দুর্ঘটনায়। কেউ মারা যায় হারজিত নিয়ে মারপিট করে। বিশ্বকাপ ফুটবল শুরু হলে পতাকা লাগাতে গিয়ে ছাদ কিংবা গাছ থেকে পড়ে অথবা বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার অসংখ্য ঘটনা আছে কিংবা এক দলের জয়ে আরেক দলের পরাজয়ে হানাহানির ঘটনায় মারা যাওয়ার ঘটনাও ঘটে অনেক। আর্জেন্টিনা–ব্রাজিল অন্য কোন দেশের হার বা জেতার মাঝে আমাদের দেশের তেমন কিছু যায় আসে না। আমাদের দেশে যা হয় সবটাই আবেগ। সবার প্রতি অনুরোধ, আমরা ফুটবল ভালোবাসি তাই প্রিয়দলকে ভালোবাসি। কোন হানাহানি নয়। সাবধান, পতাকা লাগাতে গিয়ে যেন কোন ধরনের ঘটনা না ঘটে। জয়–পরাজয় নিয়ে যেন কোন ধরনের ঘটনা না ঘটে। দিন শেষে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকেই ভালোবাসি।











