চট্টগ্রাম কলেজ দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত প্রায় ২৫–৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাসহ ২০টিরও বেশি বিভাগে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। বিশাল ক্যাম্পাস, দীর্ঘ ইতিহাস ও সুনামের জন্য কলেজটি বিশেষভাবে পরিচিত হলেও একটি গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, গাড়ি পার্কিং সংকট।
বর্তমানে কলেজ ক্যাম্পাসের ভেতরে ব্যক্তিগত গাড়ি প্রবেশের অনুমতি নেই। ফলে শিক্ষার্থীদের গেটের বাইরে, এমনকি অনেক দূরেও গাড়ি রাখতে বাধ্য হতে হয়। এতে চুরি, ভাঙচুর বা অন্য কোনো ক্ষতির আশঙ্কা সবসময় মনে ভয় তৈরি করে। বিশেষ করে ক্লাস বা পরীক্ষার সময় এই উদ্বেগ আরও তীব্র হয়ে ওঠে, যা শিক্ষার্থীদের মনোযোগ ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলে।
এমন বাস্তবতায় একটি পরিকল্পিত, সুশৃঙ্খল ও নিরাপদ পার্কিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। প্রয়োজন হলে সীমিত আকারে নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং কলেজের সার্বিক পরিবেশ আরও উন্নত ও শৃঙ্খলাবদ্ধ হবে।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।












