“আমাদের জলপথ, আমাদের দায়িত্ব” এবং “একটি পরিচ্ছন্ন আগামীর জন্য আজকের পরিচ্ছন্নতা”- এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৬ উদযাপন করেছে দেশের তৈরি পোশাক খাতের শীর্ষতম প্রতিষ্ঠান প্যাসিফিক নীট ডিভিশন।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৬ জুন) চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) ও আশপাশের এলাকায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
প্যাসিফিক নীট ডিভিশনের পরিচালক তাসমিয়া জান্নাতের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাসিফিক নীট ডিভিশনের সাসটেইনেবিলিটি বিভাগের বিভাগীয় প্রধান জাহিদ হাছান, টেক্সটাইল বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুদুর রহমান, এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. নাহিদ জামিন এবং অ্যাডমিন বিভাগের সিনিয়র ম্যানেজার মো. মমতাজ উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিবেশ রক্ষায় ব্যক্তিগত দায়বদ্ধতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করে পরিচালক তাসমিয়া জান্নাত বলেন, প্রতিষ্ঠান এবং আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের একটি মৌলিক দায়িত্ব। ফ্যাক্টরিতে হাঁটার পথে নিচে কোনো ময়লার সুতা পেলেও আমি তা নিজের হাতে উঠিয়ে ফেলার চেষ্টা করি। শুধুমাত্র হাউসকিপিং কর্মীরাই পরিষ্কার করবে এমন চিন্তা না করে আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে প্রতিষ্ঠান ও ঘর পরিষ্কার রাখতে হবে।
পরিবেশ রক্ষার এই অভ্যাসটি পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আজ বাসায় গিয়ে সবাই নিজ নিজ সন্তানদের বলব যেন ময়লা সবসময় ডাস্টবিনে ফেলে। তিনি উদাহরণ হিসেবে তার নিজের সন্তানের এয়ারপোর্টে ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলার অভিজ্ঞতার কথা শেয়ার করেন এবং শিশুদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।
পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিচ্ছন্ন কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমুদ্র সৈকতে ও অন্যান্য বর্জ্য অপসারণের পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র রক্ষার গুরুত্ব তুলে ধরে “সেভ আওয়ার মেরিন লাইফ” বার্তাও প্রচার করা হয়।- বিজ্ঞপ্তি।












