মীরসরাই উপজেলার মায়ানী এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ১৩ নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রান্নার কাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছামাল বলেন, রান্নাঘরে চুলা জ্বলছিল। হঠাৎ দেখি সিলিন্ডারে আগুন ধরে গেছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমাদের তিন ভাইয়ের তিনটি ঘরই পুড়ে গেছে।












