পুঁজিবাজারকে নতুনভাবে সাজানোর অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান পদে হিসাববিদ ও ঝানু করপোরেট পেশাদার মাসুদ খানকে বেছে নিল বিএনপি সরকার। আর এই যাত্রায় কমিশনার হিসেবে তার সঙ্গী হচ্ছেন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজ আল তারিক। মাসুদ খান ২০১৯ সালের এপ্রিল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ক্রাউন সিমেন্ট গ্রুপের বোর্ডে প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।
কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া নাফিজ আল তারিক এতদিন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ২০১০ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। আর তানভীর হাবিব রহমান আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হওয়া খন্দকার রাশেদ মাকসুদ বৃহস্পতিবার সকালে পদত্যাগ করেন। একইদিন চার কমিশনারও দায়িত্ব থেকে ইস্তফা দেন। খবর বিডিনিউজের।
এর কয়েক ঘণ্টা বাদে মাসুদ খানকে চেয়ারম্যানের এবং তিনজনকে কমিশনারের দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আদেশে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হল।











