বাঁশখালীর উপকূলীয় এলাকায় মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিশিং বোটকে জরিমানা ও বরফ জব্দ করে তা সাগরে ফেলে নষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের দেওয়া তথ্যমতে গত মঙ্গলবার ভোররাতে বঙ্গোপসাগরের বাঁশখালী সংলগ্ন মোহনা এলাকায় পরিচালিত এ অভিযানে ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের সময় এফবি আল্লাহ মালিক–৬৫ নামের একটি নৌযান আটক করা হয়। অভিযানকালে মৎস্য আহরণের উদ্দেশ্যে বরফ পরিবহনরত নৌযানটি থেকে প্রায় ২০০ পিস বরফ জব্দ করা হয়। সরকারি বিধিমালা লঙ্ঘনের দায়ে নৌযানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত বরফসমূহ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়। পরে ভবিষ্যতে আর আইন অমান্য করবে না মর্মে লিখিত মুচলেকা গ্রহণের পর নৌযানটি মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) পি কে বিশ্বাস।










