‘এরাই আমাদের আসল হিরো’

কর্ণফুলী থেকে পাঁচ প্রাণ বাঁচানো সেই চার কিশোরকে সম্মাননা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে নৌকাডুবির পর জীবনের ঝুঁকি নিয়ে পাঁচজন যাত্রীর প্রাণ বাঁচানো সেই চার সাহসী কিশোরকে বিশেষ সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কৃত করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরদের হাতে এই পুরস্কার তুলে দেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

হুমাম কাদের চৌধুরী সাহসী কিশোরদের বুকে জড়িয়ে নেন এবং তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, এরাই আমাদের আসল হিরো, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে অন্য পাঁচটি প্রাণ বাঁচিয়েছেন। আমি তাদের এই বীরত্বকে স্যালুট জানাই।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামানজার খান। সম্মাননা প্রদান অনুষ্ঠানে একই সাথে উক্ত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া গৃহবধূর পরিবারের হাতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি কর্ণফুলী নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা একই পরিবারের সদস্যরা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে পড়েন, চারদিকে আতঙ্ক ও আহাজারি ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ঘাটে থাকা ১৫ বছর বয়সী কিশোর মো. রবিউল্লাহ উত্তাল নদীতে ঝাঁপিয়ে পড়ে। তার সাথে উদ্ধারকাজে যোগ দেয় আরও কয়েকজন কিশোর। তাদের সম্মিলিত ও অকুতোভয় প্রচেষ্টায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে পাঁচটি তাজা প্রাণ।

এই চার কিশোরের এমন নিঃস্বার্থ ও মানবিক বীরত্বকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহালদা নির্ভর নিবন্ধিত পরিবারের মধ্যে ছাগল বিতরণ
পরবর্তী নিবন্ধআইসিসি র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগোলেন নিগার সুলতানা