দল জিততে পারেনি তবে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন নিগার সুলতানা। মেয়েদের টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক। বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ফারিহা তৃষ্ণা। নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিনজি স্মিথ। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। কিন্তু তাদের প্রস্তুতিটা একদমই ভালো হচ্ছে না। প্রথম দুই ম্যাচেই হেরে গেছে নিগারের দল; স্কটল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে।
তবে দুটি ম্যাচেই দলের সেরা পারফর্মার ছিলেন নিগার। স্কটিশদের বিপক্ষে এক ছক্কা ও পাঁচটি চারে অপরাজিত ৪৬ রান করেন তিনি। ডাচদের সঙ্গে রান তাড়ায় এক ছক্কা ও সাতটি চারে ৭৭ রানের ইনিংস উপহার দেন এই কিপার–ব্যাটসম্যান। এই পারফরম্যান্সে টি–টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে আছেন নিগার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার উপরে। এছাড়া সোবহানা মোস্তারি (৪৬তম) এক ধাপ এবং স্বর্ণা আক্তার (৬০তম) দুই ধাপ এগিয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে রাবেয়া খান। আগের মতোই ১৭ নম্বরে আছেন এই লেগ স্পিনার। দুই ধাপ পিছিয়ে ৩২তম স্থানে অভিজ্ঞ নাহিদা আক্তার। এক ধাপ অগ্রগতি হয়েছে সুলতানা খাতুনের। সতীর্থ ফাহিমা খাতুনের সঙ্গে যৌথভাবে ৩৬ নম্বরে আছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই উইকেট নেওয়া পেসার তৃষ্ণার উন্নতি ১৫ ধাপ। এখন ৬২তম স্থানে আছেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে আরেক পেসার মারুফা আক্তারের অবস্থান ৭৪তম। বোলারদের তালিকায়ও এগিয়েছেন স্বর্ণা আক্তার, এক ধাপ উন্নতি করে আছেন ৮৭ নম্বরে।












