সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে তার কফিন ঘিরে স্লোগান দিয়ে আটক হয়েছেন সাতজন। রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে মরদেহবাহী গাড়ির ‘পথ আটকে স্লোগান ও বিশৃঙ্খলার’ অভিযোগে তাদের আটকের কথা বলেছে পুলিশ। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে স্কয়ার হাসপাতালে তার মরদেহ নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক। তিনি বলেন, ‘জানাজা শেষ করে গাড়িতে করে মরদেহ স্কয়ার হাসপাতালের দিকে যাওয়ার সময় ৫০–৬০ জন লোক পথ আটকে স্লোগান দিতে থাকে। তারা গাড়ি আটকে বিশৃঙ্খলার চেষ্টা করে।’ এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায় বলে ভাষ্য এই পুলিশ কর্মকর্তার। আটকদের বিষয়ে বিস্তারিত যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তুলে ধরেন তিনি।












