সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ভারত যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল হতাশ করেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ভারতের গোয়া প্রদেশের পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল রোববার স্বাগতিকদের বিপক্ষে ৩–০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। এই হারের ফলে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠল লাল–সবুজের মেয়েরা। টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছ থেকে গতকাল যেমন ফুটবল প্রত্যাশিত ছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো ম্যাচ জুড়েই অগোছালো ফুটবল খেলেছে দল। আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে কষ্টার্জিত ৪–২ গোলের জয়ই অশনি সঙ্কেত দিয়েছিল জেগে উঠার। তবে সেই সংকেতে সতর্ক হয়নি দল। বরং আরও অধঃপতনই দেখা গেছে। ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিক অফের পরপরই দ্বিতীয় মিনিটে আনিকা রানিয়া সিদ্দিকী আচমকা সুযোগ পেলেও বল সরাসরি ভারতীয় গোলকিপারের হাতে মারেন। সময় বাড়ার সাথে সাথে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। ম্যাচের ৩৬ মিনিটে রক্ষণভাগের ভুলে প্রথম গোল হজম করে বাংলাদেশ। কোহাতি কিসকু একটি লং ক্রস হেড করে ক্লিয়ার করতে গিয়ে গড়বড় করে ফেলেন। বল তার পেছনে থাকা ভারতের পিয়ারি সাসার কাছে চলে যায়। ঠান্ডা মাথায় কোনাকুণি শটে গোলরক্ষক মিলিকে পরাস্ত করেন পিয়ারি (১–০)। এই এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও খেলায় গতি ফেরাতে পারেনি পিটার বাটলারের দল। গোলমুখে ১০টি শট নিলেও লক্ষ্যভেদী ছিল না একটিও। ঋতুপর্ণা চাকমাকেও গতকাল চেনা রূপে পাওয়া যায়নি। ৬৮ মিনিটে লিন্ডা কম সার্তোর নিশ্চিত গোলের শট মিলি আক্তার লাফিয়ে উঠে রক্ষা না করলে ব্যবধান তখনই বাড়ত। তবে ৭৭ মিনিটে আর রক্ষা হয়নি। বল নিয়ে বক্সে ঢুকে পড়া লিন্ডাকে ফাউল করে বসেন ডিফেন্ডার সুরমা জান্নাত। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিন্ডা কম (২–০)। ম্যাচের অন্তিম সময়ে মালবিকা আরও একটি গোল করলে ৩–০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ের মাধ্যমে আগের দুই আসরে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ নিল ভারত। হারলেও বাংলাদেশের সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল। গতকাল লড়াই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বাংলাদেশকে হারিয়ে ভারত ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ৩ জুন দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ মাঠে নামবে শক্তিশালী নেপালের বিপক্ষে, যারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। অন্য সেমিফাইনালে ভারত লড়বে ভুটানের বিরুদ্ধে। গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ পিটার বাটলার একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন। প্রথমবারের মতো মূল একাদশে জায়গা হারান নিয়মিত ডিফেন্ডার ও এশিয়ান কাপের অধিনায়ক আফঈদা খন্দকার। তার জায়গায় খেলানো হয় সুরমা জান্নাতকে, যিনি পেনাল্টিটি উপহার দেন। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে একাদশে ফেরেন মিডফিল্ডার মনিকা চাকমা, বাদ পড়েন উমেহলা মারমা। তবে শিউলি আজিমকে গতকালও বেঞ্চেই বসে থাকতে হয়। খেলোয়াড় রদবদলে কোচ পিটার বাটলালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে পরিগণিত হয়।












