ইপিজেডে ১১ মামলার আসামি ‘জাম্বু’ গ্রেফতার

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ মামলার আসামি ও দুর্ধর্ষ ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বু (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (বন্দর) নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম জাম্বু বন্দর থানার ৩৮নং ওয়ার্ডের পুরাতন ডাকঘর কুড়িপুকুরপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

ইপিজেড থানা পুলিশ জানায়, জাম্বুর বিরুদ্ধে গত ৩ মে দায়েরকৃত একটি ছিনতাই মামলাসহ (মামলা নং-০৩, ধারা-৩৭৯ পেনাল কোড) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের দুই ঘণ্টা গোলাগুলি
পরবর্তী নিবন্ধখুলশীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তরুণীকে ৫ তলা থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার ১