কক্সবাজারের পেকুয়াকে পৌরসভা ঘোষণা করায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার। এ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা গতকাল রোববার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে শুরু হয়। শোভাযাত্রাচি পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা পৌরসভা ঘোষণার সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান। শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। তিনি বলেন, পেকুয়াকে পৌরসভা ঘোষণা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে পেকুয়ার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। স্থানীয় জনগণ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করেছে।
বক্তারা বলেন, পেকুয়াকে পৌরসভা ঘোষণার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানান।












