নিখোঁজ রিফাতের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ এর প্রায় ১৬ ঘন্টা পর পর্যটক মোঃ রিফাত শেখের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯ টার দিকে সাগরের তীরবর্তী একটি কেওড়া বাগানের গাছের সাথে আটকে থাকা অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন। নিহত পর্যটক কুমিল্লা জেলার গৌরিপুর দাউদকান্দি এলাকার বাসিন্দা মোঃ খাইরুল শেখ এর ছেলে। তিনি ওই এলাকার গৌরিপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্র। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার কুমিল্লা জেলার গৌরিপুর দাউদকান্দি এলাকা থেকে মোঃ রিফাত শেখ আরো ৪ জন বন্ধুসহ সীতাকুণ্ডে বেড়াতে আসেন। তারা উপজেলার বিভিন্ন পর্যটন স্পট দর্শন শেষে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসেন। এরপর বিকেল আনুমানিক ৫টার দিকে সাগরে নিয়ম অনুযায়ী জোয়ার শুরু হলে তারা সবাই সাগরে গোসল করার উদ্দেশ্যে নেমে পড়েন। কিন্তু সাগরের তীব্র স্রাত থাকায় একে একে তারা জোয়ারের পানিতে ভেসে যায় এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। স্থানীয়রা ও ঘাটে থাকা লাল বোট এর মাঝিরা দ্রুত ছুটে গিয়ে তাদের রক্ষা করতে সাগরে অভিযান চালান।

অভিযানে ৪ জনকে উদ্ধার করা গেলেও পর্যটক রিফাত জোয়ারের পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সাগরে অভিযান চালালেও সেদিন রিফাতের কোনো খোঁজ মেলেনি। সকালের দিকে সৈকতের তীরের একটি কেওড়া গাছের শিকড়ের সাথে তার লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে খবর দিলে তারা সহ বাংলাদেশ নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।

সৈকত এলাকার একাধিক বাসিন্দা জানান, সাগর তীর থেকে একটি চক্র ড্রেজিং করে বালু উত্তোলনের কারণে সাগরের বিভিন্ন স্পটে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে সৈকত তীরে অনেক গভীর হয়ে গেছে। সে কারণে এ রকম মর্মান্তিকব দুর্ঘটনা ঘটছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে কোটি টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধজোনটা ক্লাব অফ চিটাগং এর মানববন্ধন