সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জনকে উদ্ধার করেছে স্থানীয় লাল বোটের মাঝিরা। নিখোঁজ পর্যটকের নাম মোঃ রিফাত (১৮)।
গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা নুর সোলাইমান ও মোহাম্মদ নজরুল ইসলাম জানান, কুমিল্লা জেলা থেকে ৫ জনের একটি গ্রুপ সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসে। এরপর ওই এলাকায় সরাদিন ঘুরাফেরা শেষে তারা জোয়ারের সময় গোসল করার উদ্দেশ্যে সমুদ্র সৈকতে নেমে পড়ে সাঁতার দিতে। এই সময় সাগরের উত্তাল স্রোতে পানিতে ভেসে যায় তারা। স্থানীয় লোকজন ও ঘাটে থাকা লাল বোটের মাঝিরা বিষয়টি জানতে পেরে পর্যটকদের উদ্ধারে সাগরে অভিযান চালান। ৪ পর্যটককে উদ্ধার করতে সক্ষম হলেও অপর পর্যটক রিফাতকে উদ্ধার করতে পারেনি তারা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল গুলিয়াখালী সমুদ্র সৈকতে ছুটে আসে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা সগরে বার বার অভিযান চালালেও নিখোঁজ রিফাতের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।









