বিসিবি নির্বাচন : তিন ক্যাটাগরিতে ৩৩ মনোনয়নপত্র জমা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। গতকাল শুক্রবার (২২ মে) দিনভর মনোনয়নপত্র গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তাহেরুল হক জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফরম গ্রহণ করেছি।’ তিনি আরও জানান, তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যাটাগরি১ এ জমা পড়েছে ১৪টি, ক্যাটাগরি২ এ ১৮টি এবং ক্যাটাগরি৩ এ একটি মনোনয়নপত্র। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৩ মে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে তাহেরুল হক বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। নির্বাচন পরিচালনার নীতিমালাসহ সব কিছু বিবেচনায় নিয়েই যাচাইবাছাই করা হবে।’ বিভাগভিত্তিক মনোনয়ন জমাদানকারীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে ফরম জমা দিয়েছেন সাঈদ বিন জামান, এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ ও জসিমউদ্দিন খান খোকন। চট্টগ্রাম বিভাগ থেকে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈনুদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমিন মনোনয়ন জমা দিয়েছেন। খুলনা বিভাগে প্রার্থী হয়েছেন চৌধুরী শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আব্দুস সালাম। বরিশাল বিভাগ থেকে মুনতাসির আলম চৌধুরী ও মিজানুর রহমান এবং সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে, ক্যাটাগরি৩ এ একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট সমাপ্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আজ