চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বালক ও বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই বিভাগের কোয়ার্টার ফাইনালে বালক বিভাগে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার ও কুমিল্লা। অন্যদিকে বালিকা বিভাগে সেমিফাইনালে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, কুমিল্লা ও বান্দরবান।

আজ শনিবার সকাল ৮টায় বালক বিভাগের ফুটবলে প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া–চাঁদপুর এবং দ্বিতীয় সেমিফাইনালে সকাল ৯টায় কক্সবাজার–কুমিল্লা পরস্পরের মোকাবেলা করবে। এর আগে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত বালকদের কোয়ার্টার ফাইনাল খেলায় চাঁদপুর ১–০ গোলে রাঙ্গামাটিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জোয়ান আলম একমাত্র গোলটি করে। অন্য খেলায় কক্সবাজার ৩–০ গোলে চট্টগ্রামকে পরাজিত করে। কক্সবাজারের পক্ষে ফোরকান ২টি ও রেজভী ১টি গোল করে। আরেকটি খেলায় কুমিল্লা ৪–০ গোলে নোয়াখালীকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আবু বক্কর হ্যাট্রিকসহ একাই ৪টি গোল করে। কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় ব্রাহ্মণবাড়িয়া টাইব্রেকারে ৫–৩ গোলে বান্দরবানকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২–২ গোলে অমীমাংসিত ছিল। তখন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে তামিম হাসান ও সালমান বিন রাফি ১টি করে গোল করে। বান্দরবানের পক্ষে মান্না ত্রিপুরা একাই ২টি গোল করে। বালিকাদের ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, কুমিল্লা ও বান্দরবান। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া ২–০ গোলে রাঙামাটিকে, কক্সবাজার ৫–০ গোলে চট্টগ্রামকে, কুমিল্লা ৬–০ গোলে ফেনীকে, বান্দরবান ১–০ গোলে চাঁদপুরকে পরাজিত করে সেমিফাইনালে উঠে। কুমিল্লার পক্ষে জান্নাত আক্তার হ্যাট্রিক করে। এদিকে খেলোয়াড় সংকটের কারণে কুমিল্লার বালক দল ১০ জন ও বান্দরবান বালক দল ৮ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামে। দলীয় কর্মকতারা জানান, রেজিষ্ট্রেশন জটিলতার কারণে ১০ জনের দল নিয়ে কুমিল্লা এবং পাহাড়ে হামের কারণে খেলোয়াড়রা চট্টগ্রামে খেলতে না আসায় ৮ জনের দল নিয়ে বান্দরবানকে খেলতে হচ্ছে।
আজ ২৩মে শনিবার সকাল ৮টা ও ৯টায় বালক এবং বালিকা উভয় বিভাগের চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩.৩০টায় বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শেষে বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।












