সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পোস্ট সামলাতে প্রস্তুত মিলি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

থাইল্যান্ড থেকে দিল্লি হয়ে ভেন্যুতে পৌঁছানোর পর শুক্রবার সকালেই মাঠে নেমে পড়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম সেশনের অনুশীলনে ফিনিশিংয়ে জোর দিয়েছেন কোচ পিটার জেমস বাটলার। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় আরেকটি স্বস্তির খবরও দিয়েছেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। হাতের চোট থেকে সেরে উঠেছেন মিলি আক্তার। গত মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া উইমেন’স এশিয়ান কাপে পোস্ট সামলেছিলেন মিলি। এরপর এপ্রিলে অনুশীলনের সময় ডান হাতের তালুতে চোট পান তিনি। চোট নিয়েই সতীর্থদের সাথে ব্যাংককের ক্যাম্পে ছিলেন ১৯ বছর বয়সী এই গোলকিপার। উজ্জ্বল জানিয়েছেন, পুরোপুরি সেরে ওঠা মিলি পোস্ট সামলাতে প্রস্তুত। তার মতোই তৈরি আছেন দলে থাকা বাকি দুই গোলকিপার স্বপ্না রানী মন্ডল ও রুপনা চাকমা।

হ্যাঁ, মিলি ইনজুরি থেকে রিকভারি করে ফেলেছে এবং গত প্র্যাকটিস ম্যাচেও সে খেলেছে। ৪৫ মিনিট তাকে আমরা খেলিয়েছিলাম এবং সে ভালো করেছে। সাফ টুর্নামেন্টের জন্য মিলিও প্রস্তুত। চোট কাটিয়ে ফেরার পর মিলিকে নিয়ে আমাদের একটু সংশয় ছিল, সে ফিরেছে, আর বাকি দুইজন তো ভালো অবস্থায় আছেই।’ উইমেন’স সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নিবিড় প্রস্তুতি নিতে ব্যাংককে দুই সপ্তাহের ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেখান থেকে বৃহস্পতিবার রাতে টিম হোটেলে ওঠে দল। রাতটুকু পার করেই সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন ঋতুপর্ণাআফঈদারা। সবাই সুস্থ আছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রথম সেশন হয়েছে বলেও জানিয়েছেন উজ্জ্বল। ‘ সকালের সেশনটা খুবই ভালো হয়েছে। মেয়েরা অনেক উৎসাহ নিয়ে আজকের সেশনটা করেছে। আমাদের লক্ষ্য ছিল আজ যেন মেয়েদেরকে আমরা আবার কাজের মধ্যে ফেরাতে পারি, সেভাবেই সেশনটা সাজানো হয়েছিল। আমরা ছোট ছোট কিছু ড্রিল করেছি, পাশাপাশি ফিনিশিং ড্রিল করে আজকের সেশনটা শেষ করেছি। সেশনটা ভালো হয়েছে।’ হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষে আগামী বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩১ মে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দল।

পূর্ববর্তী নিবন্ধহ্যান্ডবল প্রশিক্ষক তানজিনার কৃতিত্ব
পরবর্তী নিবন্ধত্রিমুকুট জিতলেন হামজা চৌধুরী