ত্রিমুকুট জিতলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে। গতকাল শুক্রবার ২০২৫ সালে পারফরম্যান্সের ভিত্তিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী তিনটি পুরস্কার পেয়েছেন। একটি বছরের সেরা ফুটবলার, আরেকটি দর্শকদের ভোটে পপুলার চয়েজ আর বছরের সেরা ক্রীড়াবিদের পুরস্কার। হামজা ইংল্যান্ডে অবস্থান করছেন। এজন্য গতকালের অনুষ্ঠানে সশরীরে থাকতে পারেননি। তার পক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন। ওই সময় ভিডিও কলে হামজাকে সংযুক্ত করা হলে তিনি ধন্যবাদ জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজার সঙ্গে ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। তাদের পেছনে ফেলে ইংল্যান্ড প্রবাসী তারকা জিতে নিয়েছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ খেতাব স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে তিনি জয় করেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পোস্ট সামলাতে প্রস্তুত মিলি
পরবর্তী নিবন্ধসিজিএইচএস ফুটসাল কার্নিভাল ৩০ মে শুরু