চট্টগ্রাম চেম্বার নির্বাচন আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ মে, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

শতবর্ষী ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আজ। আজ শনিবার আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চেম্বার নির্বাচন বোর্ড। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রসহ সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

চেম্বার সূত্র জানায়, এবারের নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ৪ হাজার ১ জন এবং এসোসিয়েট গ্রুপে ২ হাজার ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অর্ডিনারি গ্রুপের ৩৮ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ১৫ জন প্রার্থীর মধ্য থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশন ভোটারদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভোটারদের অবশ্যই চেম্বার প্রদত্ত ভোটার আইডি কার্ড প্রদর্শন করে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এছাড়া অর্ডিনারি গ্রুপের ভোটাররা সর্বোচ্চ ১২টি এবং এসোসিয়েট গ্রুপের ভোটাররা সর্বোচ্চ ৬টি ভোট দিতে পারবেন। নির্ধারিত সংখ্যার কম বা বেশি ভোট প্রদান করলে ব্যালট বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে কোনো অবস্থাতেই ব্যালট পেপার ভাঁজ করা যাবে না বলেও জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে চেম্বারের প্রশাসক মো. মোতাহার হোসেন, চেম্বার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা নির্বাচন সংশ্লিষ্ট প্রতিটি কার্যক্রম তদারকি করে সন্তোষ প্রকাশ করেন।

চেম্বারের মোট ২৪ জন পরিচালকের মধ্যে ট্রেড গ্রুপ এবং টাউন এসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আজকের নির্বাচনে ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধআরো ১১ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএক লাখ টন ক্রুড অয়েল নিয়ে এলো আরেকটি জাহাজ