বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে

দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষাশিবিরে মাওলানা মাছুম

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হচ্ছে। কোনো আধিপত্যবাদ বা ফ্যাসিবাদ কায়েম হোক জনগণ তা চায় না। জনগণ জামায়াতকে ভোট দিয়েছে। এক শ্রেণীর সুশীল বুদ্ধিজীবী ভারতের জালে ফেঁসে গিয়ে ইলেকশান ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে, এদেশের জনগণ তাদের ক্ষমা করবে না। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।

গত ১৬ মে নগরীর একটি কমিউনিটি হলে দক্ষিণ জেলার উত্তরাঞ্চলের রুকনদের নিয়ে শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে রুকন শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

মুহাম্মদ শাহজাহান বলেন, রুকনদের ইলম চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। অধ্যাপক জাফর সাদেক বলেন, পরকাল সকলের জন্য অবধারিত।

পরকালের ভয় ভীতি জানিয়ে দিয়ে আল্লাহ তায়ালা অনেক সুরা নাযিল করেছেন। অধ্যাপক নুরুল আমীন চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্বের অভাব পূরণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচনে জনগণ আমাদের প্রতি যেভাবে আস্থা রেখেছে, আমরা জানমাল বিসর্জন দিয়ে হলেও এর প্রতিদান দেয়ার চেষ্টা করবো।

জনগণের দেয়া গণরায়ের প্রতি সরকারের বিশ্বাসঘাতকতা আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমাদের অবস্থান পরিষ্কার, গণভোটের রায়কে মূল্যায়ন না করলে সংসদের পাশাপাশি রাজপথেও আমাদের আন্দোলন অব্যাহত রেখে এ গণদাবি আদায় করবো। মহানগরী আমির বলেন, রাসুল (সা.) ও তার সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও ব্যবহারিক জীবনের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে শরীর ঝলসে গেল যুবকের
পরবর্তী নিবন্ধমাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে দেওয়ান বাজার সি ইউনিট বিএনপির মতবিনিময় সভা