৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে শরীর ঝলসে গেল যুবকের

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

রাউজানের পৌরসদরে একটি ভবনের ছাদের সাথে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে সংর্স্পশে গিয়ে সারা শরীর ঝলসে গেছে আমানত হোসেন সাকিব (২৮) নামের এক যুবকের। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকা সাকিরের শরীর ৭০ শতাংশ পড়ে গেছে বলে তার স্বজনরা চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা যুবক বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা গ্রামের ফিতর গাজী চৌধুরী বাড়ির মরহুম আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় এই দুর্ঘটনা ঘটে গত শুক্রবার (১৫ মে) বিকেলে রাউজান সদরের প্রাণি সম্পদ হাসপাতাল সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের পিছনে থাকা ইউনুস ম্যানশনের ছাদে। সূত্র মতে ভবনের ভাড়া বাসায় বসবাসকারী সাকিব বিকেলে ছাদে উঠে হাঁটাহাটি করতে গিয়ে এক সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছে চলে যায়। এই অবস্থায় তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে কথা বললে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি২ এর মহাব্যবস্থাপক আব্দুল গহ্বর চৌধুরী জানান যেই বিদ্যুৎ লাইনে দুর্ঘটনা ঘটেছে সেই সঞ্চালন লাইনটি পিডিবি কর্তৃপক্ষের। বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে ভবন নির্মাণ করা নিয়ে কথা বলতে ভবনের মালিক ইউনুস সিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধবৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে