ঈদে ব্যাংকেও ৭ দিন ছুটি, তার আগে শনিবার খোলা

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকও সাত দিন বন্ধ থাকবে, ছুটি শেষে ব্যাংক খুলবে ১ জুন। তবে ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার সব ব্যাংকের সকল শাখা খোলা থাকবে, লেনদেন হবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। সেইসঙ্গে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতে কর্মরতদের বেতনবোনাস দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। খবর বিডিনিউজের।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিককর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত, লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথসমূহে আমদানিরপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ সীমান্তে মিয়ানমারে ব্যাপক গোলাগুলি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু