চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার বাঁশঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আদর দাশ (১৪) চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সূত্র জানায়, প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে অপর দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, গত ৮ মে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সংবাদকর্মী অলি উল্লাহ রণির ছেলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নুরে ইলাহি নাদিম (১৩) মাতামুহুরী নদীর চোরাবালিতে আটকে মৃত্যুবরণ করে। নদীতে অবৈধভাবে অসংখ্য শ্যালু মেশিন বসিয়ে যত্রতত্র অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এসব চোরাবালি সৃষ্টি হয়েছে। গত ৬ মাসে চকরিয়া পৌরসভা এলাকা ঘিরে মাতামুহুরী নদীতে একইভাবে ৫ জনের মৃত্যু হয়েছে।













