বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব মিয়া মার্কেট থেকে বশিরা–বারি স্টেশন সড়কের প্রায় ৪ কিমি অংশের সংস্কার না হওয়াতে ভোগান্তিতে পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ।
জন গুরুপ্তপূর্ণ এ সড়কটি সংস্কার করার জন্য পূর্ব পুঁইছড়ি বশিরা–বারি ছাত্রকল্যাণ পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে বাঁশখালীর সংসদ সদস্য বরাবর আবেদনসহ খোলা চিঠি এবং বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বলে জানা যায়।
স্থানীয় সমাজকর্মী মো. শামীম উল্লাহ আদিল বলেন, জনগুরুপ্তপূর্ণ পূর্ব মিয়া মার্কেট থেকে বশিরা–বারি স্টেশন সড়ক ও মোজাফফর আহমদ চৌধুরী সড়ক হয়ে পূর্ব পুঁইছড়ি উচ্চ বিদ্যালয়, পূর্ব পুঁইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পুঁইছড়ি তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাস, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনগণ চলাচল করে। প্রায় ৪ কিমি দীর্ঘ পূর্ব মিয়া মার্কেট থেকে বশিরা–বারি স্টেশন পর্যন্ত এ সড়কটি স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি কিংবা ব্রিক সলিং হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলে এলাকার জনগণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া কিংবা ডেলিভারি রোগীদের আনা নেওয়া কষ্টসাধ্য হয়। এখানে সুপ্রাচীন পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহার নামে এক ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মুরিদুল আলম বলেন, পুঁইছড়ির ৫ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ চৌধুরী সড়কসহ অভ্যন্তরীণ কয়েকটি সড়ক সংস্কারের জন্য বাঁশখালীর সংসদ সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। এ সড়কটি এলইজিডির কোড না পরাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে কাজ করছে না। আমি কোডসহ এ সড়কটি সংস্কারের জন্য আবেদন করেছি। সড়কটি সংস্কার হলে এলাকার সর্বস্তরের জনগণের উপকার হবে বলে তিনি দাবি করেন। সাধারণ জনগনের উৎপাদিত মালামাল বাজারের আনা নেওয়া এবং স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের আহ্বান জানান তিনি।
তবে এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কিংবা সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
স্থানীয় জনগণ গুরুত্ব সহকারে এ সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়ে জনভোগান্তি লাঘবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।












