চট্টগ্রাম সরকারি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ মে বুধবার চট্টগ্রাম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে “শিক্ষা উদ্বুদ্ধকরণে কুরআনী নির্দেশনা” শীর্ষক একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এ সেমিনারে অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তব্যে কোরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান মানবসৃষ্টির সূচনা থেকেই শিক্ষার সঙ্গে মানুষের গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তিনি কোরআনের আলোকে বিভিন্ন পাঠপদ্ধতি, চিন্তাশীল অধ্যয়ন, অনুসন্ধানী মনোভাব এবং জ্ঞানচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের উন্নততর চিন্তার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাসির উদ্দীন সেমিনারে বক্তব্যে কোরআন পাঠ আন্দোলনের উদ্যোগকে স্বাগত জানান। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী শিক্ষার্থীদের কোরআনের আলোকে আধুনিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার সমন্বিত চর্চার ওপর গুরুত্বারোপ করেন। গত ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ‘কুরআন নির্দেশিত পাঠ পদ্ধতি’ শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রেজা খান হেলালী এবং উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ বেগম–এর ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইংরেজি বিভাগের অধ্যাপক শওকত আলী অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন। সেমিনারে আবু সাঈদ খান ‘জিজ্ঞাসা ও অনুসন্ধানমূলক পাঠপদ্ধতি” নিয়ে কোরআনের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, যেকোনো বিষয়ে কার্যকর শিক্ষা অর্জনের জন্য প্রথমে প্রশ্ন তৈরি করা, তারপর অনুসন্ধান ও বিশ্লেষণের মাধ্যমে উত্তর খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের বহু আয়াতে মানুষকে চিন্তা, পর্যবেক্ষণ, প্রশ্ন ও উপলব্ধির আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।













