সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী। গতকাল শুক্রবার পদত্যাগ করেন তারা। এর আগে বৃহষ্পতিবার রাতে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার ১৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটি ঘোষণার পর রাতেই ‘অর্থের বিনিময়ে পকেট কমিটি’ দেয়া হয়েছে দাবি করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান একটি গ্রুপ।
এদিকে গতকাল পদত্যাগকারীদের মধ্যে দুইজন যুগ্ম আহ্বায়ক, ৫ জন যুগ্ম সদস্যসচিব, একজন সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ৯ জন সহ–সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক, সমাজকল্যণ সম্পাদক ও দুইজন সদস্য রয়েছেন।
পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে জানান নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জনি রিয়াজ। তিনি নিজেও পদত্যাগ করেছেন বলে জানান। তিনি বলেন, ২২ জন পদত্যাগ করেছেন, আরো বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে তারাও এমন সিদ্ধান্ত নিতে পারে বলে জানান। তিনি বলেন, যারা ত্যাগী তাদের মূল্যায়ন করা হয়নি। দলের জন্য নিবেদিতরা বঞ্চিত হয়েছেন। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানাব।













