দ্রুত রান ও আক্রমণই বাংলাদেশের লক্ষ্য

পাকিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় টেস্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। ব্যাটারবোলারদের দুর্দান্ত নৈপুণ্য বাংলাদেশকে এ জয় এনে দিয়েছিল। জয়ের ধারা অব্যাহত রেখে টানা দ্বিতীয় সিরিজ জেতার লক্ষ্যে আজ শনিবার সিলেটে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামছে টাইগাররা। ২০২৪ সালে পাকিস্তান সফরে দুই ম্যাচের সিরিজ ২০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল ১০টায়। টি স্পোর্টস এ খেলা দেখাবে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে পাকিস্তানের দুশ্চিন্তা সিলেটের উইকেট, অন্যদিকে বাংলাদেশের বার্তা পরিষ্কারশুরুটা হতে হবে আক্রমণ দিয়ে। দ্রুত রান তোলা এবং প্রতিপক্ষের পেসারদের ওপর চড়াও হওয়া, এই চিন্তাই এখন বাংলাদেশের টেস্ট পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

সিলেট স্টেডিয়ামে এর আগে কখনো খেলেনি পাকিস্তান। প্রথমবার এই ভেন্যুতে মাঠে নামার আগে উইকেট নিয়ে তাদের বেশ দুশ্চিন্তা। অবশ্য এই ম্যাচ ঘিরে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে উইকেট ও আবহাওয়া। সিলেটের সবুজ উইকেটের সঙ্গে বৃষ্টির শঙ্কা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত দুদিন ধরেই বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে দুই দলের প্রস্তুতি। পাশাপাশি উইকেট প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটেছে। শুক্রবার বাংলাদেশের অনুশীলনে একাধিক দফায় বৃষ্টি হস্তক্ষেপ করে।

বাংলাদেশ একাদশে পেস আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এবাদত হোসেনের বদলে স্কোয়াডে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। সিলেটের সবুজ উইকেটে তাসকিন ও নাহিদের সঙ্গে কার্যকর ভূমিকায় দেখা যেতে পারে শরিফুলকে। অন্যদিকে বৃষ্টির কারণে শুক্রবার ফিল্ডিং অনুশীলন করতে পারেনি পাকিস্তান। কেবল ইনডোরে ব্যাটিং অনুশীলন করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে অনুশীলনের চেয়ে পাকিস্তানি ক্রিকেটারদের আগ্রহ ছিল উইকেট পর্যবেক্ষণে। প্রত্যেকেই যেন ঘাস ও আর্দ্রতা বোঝার চেষ্টা করেছেন। সিলেটের উইকেট সাধারণত পেসারদের সহায়ক, তার ওপর বৃষ্টির কারণে ম্যাচের গতি ও পিচের আচরণ বদলে যেতে পারে। সকালের আর্দ্রতা ও মেঘলা আবহাওয়ায় এখানে সুইং বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রথম দুই দিনে ব্যাটারদের জন্য পরীক্ষা কঠিন হতে পারে।

উইকেট কিংবা আবহাওয়া যেমনই হোক, দুই শিবিরেই এসব নিয়ে খুব একটা চিন্তা নেই। বাংলাদেশের মুশফিকুর রহিমের মতে, সিলেটের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও আসল চ্যালেঞ্জ তৈরি করছে আবহাওয়া। তিনি বলেন, ভিন্ন উইকেট ভিন্ন ধরনের চ্যালেঞ্জ দেয়। মিরপুর থেকে এখানে এলে উইকেট অনুযায়ী ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন আনতে হয়। তবে আমার কাছে মনে হয় এখন উইকেটের চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। মুশফিক আরো বলেন, আমাদের লক্ষ্য টেস্ট জয়। পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে পাকিস্তানকে চাপে ফেলতে পারব।

অন্যদিকে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ বলেন, অবশ্যই আমরা হতাশ। কিন্তু যা হয়ে গেছে সেটা অতীত। এখন আমাদের পুরো ফোকাস পরের ম্যাচে। ইনশাআল্লাহ আমরা দল হিসেবে ঘুরে দাঁড়াব। পাকিস্তানের জন্য বড় প্রেরণা হতে পারে বাবর আজমের ফেরা। চোটের কারণে ঢাকা টেস্টে ছিলেন না তিনি। সরফরাজ বলেন, পিএসএলে যেভাবে খেলেছে, তাতে তাকে টেকনিক্যালি অনেক শক্ত মনে হয়েছে। মানসিকভাবেও ফ্রেশ লাগছে। তাই তাকে দলে পাওয়া খুবই ইতিবাচক।

এখন পর্যন্ত টেস্টে ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশপাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের জয় ৩টিতে, পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে এবং ১টি ম্যাচ ড্র হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘অর্থের বিনিময়ে পকেট কমিটি’ দাবি করে ২২ জনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধকোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৫৮ হাজার পশু