লোহাগাড়ায় পদুয়া তেওয়ারিহাট, আমিরাবাদ বটতলী বাজার, আধুনগর খাঁন হাট ও চুনতি ডেপুটি বাজারস্থ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের নির্ধারিত জায়গা দখলমুক্ত রাখতে ইজারাদারদের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ–বিন–আখন্দ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেন।
এতে উল্লেখ করা হয়েছে, ঈদ–উল–আযহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কের এলাকা দখলমুক্ত রাখা জরুরি। কিন্তু বিভিন্ন স্থানে হাট–বাজার ও দোকানের সামনে পশুর হাট বসানো এবং পণ্য লোডিং–আনলোডিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় মহাসড়কের পাশে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী হাট–বাজারগুলোর সামনে পশুর হাট বসানো এবং সড়কের ওপর পণ্য ওঠানামা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়ন হলে ঈদকে সামনে রেখে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ–বিন–আখন্দ জানান, ঈদ–উল–আযহা উপলক্ষে মহাসড়কের উভয় পাশে নির্ধারিত জায়গায় স্থায়ী ও অস্থায়ী হাট–বাজারে পশুর হাট ও পণ্য লোডিং–আনলোডিং কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট বাজারের ইজাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।













