চকরিয়ায় মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

চকরিয়ায় মাওলানা মোহাম্মদ ইদ্রিস নামে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মাওলানা ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।

দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। আর সে কক্ষে বাইরে থেকে ঢোকার কোনো আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর এনসিপির ১৬৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধমীরসরাই নিজ গ্রামে শায়িত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন