কোরবানির ঈদ উদযাপনে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, কোরবানির ঈদ উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। জরুরি পরিষেবা, হাসপাতাল ও জরুরি সেবা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবে। খবর বিডিনিউজের।
ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি শিল্প–কারখানা ও প্রতিষ্ঠানের ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
গেল সপ্তাহে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদে সাত দিনের ছুটির সিদ্ধান্ত হয়। হিজরি বর্ষের জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ কিংবা ২৯ মে বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে।
এর আগে রোজার ঈদেও দেশের মানুষ টানা সাত দিনের ছুটি পেয়েছিল।













