চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্টগ্রাম এবং সিলেট ট্রেক হোল্ডার কোম্পানিজের কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রেপ্রেজেনটেটিভদের জন্য গত ১২ মে সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণ পরিচালনা করেন কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও মো. রবিউল আউয়াল। উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম অ্যান্ড হেড অফ কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট মো. নাহিদুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিএসইর ট্রেনিং অ্যান্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।
অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেন। আইনের সামপ্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে সে বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়া হয়।
স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, পুঁজিবাজার সাম্প্রতিক সময়ে বৈশ্বিক, রাজনৈতিক এবং কাঠামোগত পরিবর্তনের কারণে যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো বিগত সময়ে ধারণাতেও হয়তো ছিল না। তাই পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাবসাকে সাসটেইনেবল করতে হলে রেগুলেটরি, টেকনিক্যাল কাঠামোর পরিবর্তনের সাথে সাথে ব্যবসায়িক কাঠামোর পরিবর্তনের প্রয়োজন থাকলে সে বিষয়ে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, পরিপূর্ণ আইন কানুন মেনে কমপ্লায়েন্স করতে গেলে ব্যাবসা ব্যাহত হয়। এখন এই ধারণার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী। কেননা, একটি প্রতিষ্ঠান যত বেশি আইন পরিপালন করবে, সে তত বেশি স্বচ্ছভাবে তার গ্রাহকের কাছে নিজের অবস্থান প্রচার করতে পারবে এবং ব্যবসাকে সফলতার দিকে এগিয়ে নিতে এক ধাপ এগিয়ে থাকবে।
তিনি বলেন, দেশের পুঁজিবাজারকে বেগবান করতে নতুন নতুন প্রোডাক্ট আনয়নের কাজ চলছে এবং এক্ষেত্রে সিএসই বরাবরের মতো অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের পুঁজিবাজারের নতুন এই সংযোজনে সবাইকে নিয়ম–কানুন ভালোমতো জেনে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানান। সমাপনী বক্তব্যে চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মতো জ্ঞাত থাকতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।













