কর্ণফুলী নদীর ব্রিজঘাটা এলাকায় নোঙর করা একটি মাছধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত সাড়ে আটটা নাগাদ ট্রলারটিতে আগুনের সূত্রপাত হয়। জাহাজটিতে বড় ধরণের ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলে আশেপাশে নোঙর করা অন্যান্য জাহাজগুলোতেও আতংক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুম জানিয়েছে, ‘এফবি ঐশী’ নামের একটি মাছধরার ট্রলারে আগুন লাগার ঘটনা ঘটে। কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস বিস্তারিত জানাতে পারেনি। তবে স্থানীয় সূত্রগুলো বলেছে যে, ওয়েল্ডিং করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফিশিং বন্ধ থাকায় জাহাজে নাবিক বেশি ছিলেন না। যে কয়েকজন ছিল তাদের অন্যান্য নৌযান দ্রুত উদ্ধার করতে সক্ষম হয় বলেও সূত্র জানিয়েছে।








