আয় না করি বর্ষবরণ

আসাদুজ্জামান খান মুকুল | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কোথায় গেদু?কোথায় নিদু?আয় রে তোরা কাছে,

পয়লা বৈশাখ পেয়ে মনটা খেমটা তালে নাচে!

পুরান সালটা বিদায় নিয়ে বৈশাখ মারছে হাসি।

বাজা রে ঢোল! মাদল বাজা!বাজা বাঁশের বাঁশি!

পান্তাভাতে ইলিশ ভাজা খাবো সবাই রঙ্গে,

একদোতারার সুর তুলিবো আমার সোনার বঙ্গে।

দ্যাখ না যেয়ে পাড়ায় পাড়ায় জমছে রঙ্গের মেলা,

চড়ব গিয়ে নাগরদোলায় খেলব নানান খেলা।

নতুন জামা অঙ্গে পরে মেলায় ঘুরতে যাবো,

খোকাখুকি সঙ্গে নিয়ে মণ্ডামিঠাই খাবো।

কিনবে সেথায় খোকাখুকি

মাটির পুতুল হাঁড়ি,

সারাটা দিন ঘুরেফিরে সন্ধ্যায় ফিরবো বাড়ি।

আয় না করি!বর্ষবরণ জাতে মেরে তুড়ি,

সমপ্রীতিতে বঙ্গে আসবে শান্তি ভুরি ভুরি !

পূর্ববর্তী নিবন্ধচাঁদ মামা বোকা
পরবর্তী নিবন্ধএসো হে নতুন