বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে চুরি

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রাম আদি নিমকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যা উপাসনা শেষ করে মন্দির পরিচালনার সকল কর্মচারীরা তালা বন্ধ করে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় মন্দির ত্যাগ করেন। কিন্ত শনিবার রাতে মূল মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙে চোরের দল প্রতিমার অনুমানিক ৫ ভরি স্বর্ণালংকারসহ পূজার কাঁসাপিতলাদি চুরি করে নিয়ে যায়।

রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকচী বলেন, মন্দিরের প্রবেশপথের গেটের তালা ভেঙে চোর মন্দিরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার তৈরি মূর্তির অলংকারগুলো চুরি করে নিয়ে যায়। আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি এবং সম্ভাব্য সকল স্থানের সিসি ক্যামরা দেখে চোর শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচসিকের বর্জ্য কর্মীদের জন্য জেন্ডার সংবেদনশীল স্বাস্থ্য ক্যাম্প কাল