দীর্ঘ এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তাঁর নতুন অ্যালবামের নাম ‘মাওলা’। গত কয়েক বছর ধরে একক গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকলেও এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়েই হাজির হয়েছেন তিনি। চলতি বছরের ঈদুল ফিতরে অ্যালবামের চারটি গান প্রকাশ করা হয়েছে। এবার আগামী ঈদে অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানা গেছে।
‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’ এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপালে গানটির ভিডিওর শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন বালাম। এটি হবে তাঁর পঞ্চম একক অ্যালবাম। অ্যালবামে থাকছে ছয়টি গান, আর প্রতিটি গানই হবে ভিন্ন ধাঁচের। তবে সব গানের মূল আকর্ষণ থাকবে মেলোডি। শ্রোতার মন ভরাতে হলে গানের ভিডিও খুবই প্রয়োজন বলে মনে করি। এ কারণে আমার তরফ থেকে দর্শকের জন্য ঈদ উপহার হিসেবে ‘মাওলা’ গানটি ভিডিও প্রকাশে সিদ্ধান্ত নিয়েছি। এখন গান প্রকাশের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটছে। নতুন অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম নিজেই। ভিডিও নির্মাণেও থাকছে বিশেষ চমক। সংগীতজীবনের শুরু থেকেই শ্রোতাদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন বালাম।














