চিন্ময়ের জামিন আবেদন নাকচ, আজ ৪ মামলার আদেশ

আলিফ হত্যা মামলা

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাই কোর্ট। তার বিরুদ্ধে থাকা আরো চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছে আদালত। জামিন প্রশ্নে আগে জারি করা রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।

হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। ওই দিন আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। শুনানি শেষে আদালত আদেশের জন্য রোববার দিন ধার্য করেছিল। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাই কোর্ট থেকে জামিন পান চিন্ময়। কিন্তু এরপরই তাকে আইনজীবী হত্যাসহ এই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এসব মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর তার জামিন প্রশ্নে রুল জারি করেছিল হাই কোর্ট।

সবশেষ চলতি বছরের ১৬ এপ্রিল বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দীনের করা প্রায় তিন বছর আগের একটি মামলায় জামিন পান সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।

পূর্ববর্তী নিবন্ধ৭০ পার্সেন্ট লোক সংস্কার চেয়েছে, এটা আমাদের করতে হবে
পরবর্তী নিবন্ধযত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা : মেয়র