জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে চট্টগ্রাম

২২ সংগঠনের জলবায়ু ধর্মঘটে বক্তব্য সিআরবি রক্ষা, জলাবদ্ধতা নিরসনসহ একাধিক দাবি

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আর নয়, চাই নিরাপদ ভবিষ্যৎ’ স্লোগান সামনে রেখে ‘জলবায়ু ধর্মঘট’ করেছেন চট্টগ্রামের তরুণেরা। নগরীর সিআরবিতে ২২টি যুব ও পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোবডি টু সামবডির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ সাদের সঞ্চালনায় ধর্মঘটে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, হালদা গবেষক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্‌ ইয়াছিন, ক্লাইমেট ফ্রন্টিয়ারের ডিভিশনাল কোঅর্ডিনেটর মুহিবুল হাসান রাফি, রাইজ আপের সদস্য সালমান হায়দার, ব্ল্যাক টু ব্লু সোসাইটির সভাপতি মোহাম্মদ নিফাজ, বি ফর বাংলাদেশের রাফসান, আলমগীর খান মুন্না, রাকিবুল ইসলাম, মোহাম্মদ আলিফ, তাহসিন ও রাফসান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় শহর হিসেবে চট্টগ্রাম আজ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা, পাহাড় ধস, বায়ুদূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং শিল্প দূষণ নগরবাসীর জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু রক্ষায় সিআরবিতে পাহাড় ও গাছ কেটে হাসপাতাল বা পরিবেশ বিনাশী স্থাপনা নির্মাণ পরিকল্পনা বাতিল, সিআরবিকে সংরক্ষিত সবুজ অঞ্চল ঘোষণা, অবৈধ পাহাড় কাটা বন্ধ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাধার দখলমুক্ত করা, শিল্প দূষণ ও কেমিক্যাল বর্জ্য নিয়ন্ত্রণ, কর্ণফুলী নদীসহ নদী ও খাল রক্ষা, প্লাস্টিক দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ, ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম, পরিবেশ অপরাধে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, জলবায়ু সংকট ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান বাস্তবতা। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী প্রজন্ম পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের সাধারণ সদস্য সভা
পরবর্তী নিবন্ধমাতামুহুরী উপজেলা অনুমোদন হওয়ায় যুবদল-ছাত্রদলের আনন্দ মিছিল