অ্যাম্বুলেন্সের তিনটি গ্যাস সিলিন্ডারের একটি খালি, মিলল ১ লাখ ইয়াবা

চালকসহ দুজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে করে পাচারের সময় নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় চালকসহ দুজনকে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং মো. আফসার (৩৩)। তারা দুজনই চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।

পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল সাংবাদিকদের জানান, পুলিশের কাছে গোপন খবর ছিল, কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে আসতে পারে। এরপর বিকালে মেরিনার্স রোডে পুরাতন ফিশারিঘাটের মুখে একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে সেটি ইউটার্ন করে ফিশারিঘাট হয়ে পাথরঘাটার দিকে চলে যায়। তখন অ্যাম্বুলেন্সটিকে চারদিক থেকে ধাওয়া করলে ব্রিকফিল্ড রোডের কালভার্ট এলাকায় বাহনটি রেখে চালক ও তার সহকারী পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবার তথ্য প্রকাশ করেন।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের জন্য অ্যাম্বুলেন্সে আলাদা একটি সিলিন্ডার লাগানো হয়েছিল। তিনটি সিলিন্ডারের মধ্যে দুটিতে সিএনজি সংযোগ থাকলেও একটিতে ছিল না। খালি সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৭ হাজার ৫শ জেলে পরিবারে ২১শ টন চাল বরাদ্দ
পরবর্তী নিবন্ধইপিজেডে ২২শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার