নগরীর ইপিজেড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২শ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, নগদ টাকা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ অস্ত্র ও মাদক মামলার পলাতক আসামি এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানা পুলিশের একটি দল মাদ্রাজী শাহ পাড়া এলাকার আবুল খায়ের গলির সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে তার কাছ থেকে প্রথমে ২১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা আরো ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
বন্দর জোনের উপ–পুলিশ কমিশনারের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান সঙ্গীয় টিমসহ অভিযান পরিচালনা করেন। পুলিশের দাবি, গ্রেপ্তার নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং বন্দরটিলা এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।













