হাটহাজারীতে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

তিন দিনের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনি থেকে সোমবার পর্যন্ত তিন দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হাটহাজারী মডেল থানা পুলিশ গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতি ও শুক্রবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে উপজেলার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. দিদারুল আলম (৩৫), ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম (৫৫) এবং ফতেপুর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), আরহাদ হোসেন (২৮), মো. পারভেজ হোসেন (২৪), ফারহান মাসুদ (২৩), মো. জাহেদুল আলম (২৩), মো. রাকায়েত হাসান (২০), মো. আবদুল্লাহ (২২) ও মো. আশরাফুল ইসলাম (২০)। তাদের অধিকাংশকেই ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গত তিন দিনে বিশেষ অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদামপাড়ায় পুলিশের সাথে দুই যুবকের মারামারি, আহত ৩
পরবর্তী নিবন্ধদুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার