আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন। গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মারা যান। ন্যাশনাল ব্যাংকের সাবেক এই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারের ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান। সিকদার গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা সুফিয়ান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রন হক সিকদার মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর বিডিনিউজের।
ন্যাশনাল ব্যাংকের ঋণ অনিয়মের নানা খবরে সামপ্রতিক বছরগুলোতে বারবার আলোচনায় নাম আসা এ ব্যাংকের সাবেক এই পরিচালক ওই সময় বিদেশে চলে গেছেন বলেও সংবাদমাধ্যমে এসেছে।
গতকাল সোমবার রন হক সিকদারের মৃত্যুর খবর দেশে আসার পর সিকদার পরিবারের ঘনিষ্ঠজনরা বলছেন, এক সপ্তাহ আগে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রন হক সিকদার ও তার ভাইদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আরও মামলা ও তদন্ত চলমান রয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা তৈরি করা দুই ভাই ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ হারান বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে।














