২০২৫ সালের এপ্রিলের তুলনায় ২০২৬ সালের এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। বন্দর সূত্র জানিয়েছে, আমদানিকৃত পণ্যবাহী (লেডেন) কন্টেনার ২০২৫ সালের ১ লাখ ২৭ হাজার ৪৮৯ টিইইউএস থেকে বেড়ে চলতি বছরের এপ্রিল মাসে ১ লাখ ৩০ হাজার ৬৯১ টিইইউএসে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি প্রায় ২ দশমিক ৫ শতাংশ। আমদানি বাণিজ্যে গতিশীলতার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, খালি কন্টেনারের ক্ষেত্রেও ইতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে। ২০২৫ সালের ১ হাজার ৩৩৮ টিইইউএস থেকে বেড়ে ২০২৬ সালে তা ২ হাজার ৬৭৭ টিইইউএসে পৌঁছেছে।
অন্যদিকে রপ্তানি খাতেও বড় ধরনের প্রবৃদ্ধি ঘটেছে। পণ্যবাহী (লেডেন) কন্টেনার রপ্তানি ২০২৫ সালের এপ্রিলের ৫৩ হাজার ৬৮৩ টিইইউএস থেকে বেড়ে ২০২৬ সালে ৬৩ হাজার ৩৮২ টিইইউএসে উন্নীত হয়েছে। প্রবৃদ্ধি প্রায় ১৮ শতাংশ। একই সময়ে খালি কন্টেনার হ্যান্ডলিংও বেড়েছে। ২০২৫ সালের ৫৮ হাজার ৯৪৭ টিইইউএস থেকে ২০২৬ সালে ৭০ হাজার ৩৩৩ টিইইউএসে উন্নীত হয়েছে। খালি কন্টেনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি প্রায় ১৯ শতাংশ।













