জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির উদ্যোগে গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং জাহাজভাঙা শিল্পে বিদ্যমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অবসান ঘটানোর দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সেফটি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং বিলস চট্টগ্রাম কেন্দ্রের কোঅর্ডিনেটর ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন তপন দত্ত। বিশেষ অতিথি ছিলেন এ এম নাজিম উদ্দিন।
প্রধান অতিথি বলেন, জাহাজভাঙা শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাসের সংস্পর্শ এবং সুরক্ষা সরঞ্জামের অভাবে শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাহাজভাঙা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
বিশেষ অতিথি বলেন, ২৩টি গ্রিন ইয়ার্ড প্রতিষ্ঠিত হওয়া এবং বাংলাদেশে ২০২৫ সালের ২৬ জুন থেকে হংকং কনভেনশন বাস্তবায়ন বাধ্যতামূলক হওয়ার পরও দুর্ঘটনা কমেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সদস্য সচিব মো. আলী, যুগ্ম সদস্য সচিব মো. ইদ্রিস, জাহাজভাঙা শ্রমিক টিইউসির সভাপতি মানিক মণ্ডল এবং বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














