জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৪:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) অস্ত্র, গুলি, চাকু, একাধিক মোবাইল ফোন ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রবিবার বিকাল ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নস্থ একটি পাঁচতলা ভবন থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তার দেয়া তথ্য মতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত ওসমান গণি প্রকাশ মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।

হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মৃত হাতির দেহাংশ কেটে নিল দুবৃর্ত্তরা, উদাসীন বন বিভাগ
পরবর্তী নিবন্ধটেকনাফে বসতঘর থেকে বিদেশি রাইফেল, গুলি ও ইয়াবা উদ্ধার