কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে একটি বসতঘর ঘেরাও করে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ ১ রাইফেল, ৮ টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ সহ ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর কর্মকর্তা সাজ্জাদ।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান কালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ ১ রাইফেল, ৮ টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও জব্দ মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারিবৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে বলে তিনি জানায়।













